রাজনৈতিক উত্তেজনা, প্রশাসনিক নানা জটিলতা আর বহুমুখী চ্যালেঞ্জ সত্ত্বেও লক্ষ্য পূরণে দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলেছে বর্তমান সরকার। ছয় মাস আগে আজকের এ দিনে এক ভঙ্গুর শাসন কাঠামোর ওপর দাঁড়িয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ের মাধ্যমে বিএনপি এককভাবে সরকার গঠন করে। সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন অর্থনীতি পুনর্গঠন, আইনশৃঙ্খলা রক্ষা ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ সংকট নিয়ন্ত্রণ ছিল চ্যালেঞ্জের। তবে জনকল্যাণমূলক খাতের বিভিন্ন জটিল বাধা মোকাবিলা করে দৃশ্যমান নানা পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। নির্বাচনি ইশতেহারের সিংহভাগই পূরণ করা হয়েছে।
সরকারের উল্লেখযোগ্য অর্জন বা সাফল্যের অন্যতম হচ্ছে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর, প্রায় চার দশক পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়া ও মালয়েশিয়ায় শ্রমবাজার চালু। ফলে সরকারের কাজের পর্যালোচনায় বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও সার্বিকভাবে সাফল্যের পাল্লাটাই ভারী বলে মনে করেন সরকারসংশ্লিষ্টরা।
এক্ষেত্রে সবাইকে নিয়ে প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ্য অনুযায়ী অন্তর্ভুক্তিমূলক তথা নিরাপদ, মানবিক ও সাম্যের বাংলাদেশ বিনির্মাণ করতে সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। যেখানে সবার সমান সুযোগ নিশ্চিতের পাশাপাশি জনগণের আস্থা ও অংশগ্রহণকে শক্তি করে সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের পথে এ যাত্রা অব্যাহত থাকবে।