Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 17-08-2026 ইং
বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে ‘সবুজ পৃথিবী’র বৃক্ষরোপণ কর্মসূচি
বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে ‘সবুজ পৃথিবী’র বৃক্ষরোপণ কর্মসূচি
বিশেষ প্রতিনিধি, Admin ।।

এস.এম.শামীম,খুলনা। সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—প্রকৃতি রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান

বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘সবুজ পৃথিবী’ খুলনা বিভাগীয় কমিটির আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ পৃথিবী খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর তপন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও সবুজ পৃথিবী খুলনা বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. শাহ নিয়াজ মাগদুম। কর্মসূচির উদ্বোধন করেন সবুজ পৃথিবী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম, সবুজ পৃথিবী খুলনা বিভাগীয় কমিটির সংগঠক এবিএম মহিতুজ্জামান, সাংবাদিক শরীফুল হোসেন, শিশু সাংবাদিক অসফিয়া আহম্মেদ কথা, সাজু খানসহ সংগঠনের নেতৃবৃন্দ, পরিবেশপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ নিয়াজ মাগদুম বলেন, “গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না; গাছ আমাদের জীবন, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা রোপণ করা নয়—এটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি করা।

উদ্বোধনী বক্তব্যে সহিদ মাহমুদ বলেন, “দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটির পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে। বৃক্ষরোপণকে শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”

সভাপতির বক্তব্যে মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “সবুজ পৃথিবীর লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, গাছকে বাঁচিয়ে রাখা। খুলনা বিভাগের প্রতিটি জেলা-উপজেলায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার এই আন্দোলন ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই—ঐতিহ্য রক্ষার পাশাপাশি প্রকৃতিকেও রক্ষা করতে হবে।

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

পরে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানে পরিবেশ রক্ষার অঙ্গীকার করেন।

‘সবুজ পৃথিবী’র প্রত্যয়—একটি গাছ, একটি প্রাণ; সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম