Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 26-08-2026 ইং
মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন।
মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন।
বিশেষ প্রতিনিধি, Admin ।।

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলায় বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেসবিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, বর্তমান সরকার বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এনরুট ফাউন্ডেশন এর আয়োজনে এবং বাংলাদেশ কোস্ট গার্ডের সার্বিক তত্ত্বাবধানে আজ ২৬ আগস্ট ২০২৬-এ এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

তিনি আরও জানান, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব শেখ ফরিদুল ইসলাম, এমপি।

কর্মসূচির আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিভিন্ন এলাকায় প্রায় ৯ হাজার ৪০০ চারা রোপণ করা হবে। এসব চারা উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় রাখা, মাটি ক্ষয় রোধ, জীববৈচিত্র্যের আবাসস্থল সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা রাখবে।


বাগেরহাটের মোংলা ও পার্শ্ববর্তী উপকূলীয় এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চলমান সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই সবুজায়নে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম