Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 08-09-2026 ইং
যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকার প্রকল্পে অর্থ বিভাগের সম্মতি
যশোর শামস-উল-হুদা স্টেডিয়াম উন্নয়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকার প্রকল্পে অর্থ বিভাগের সম্মতি
বিশেষ প্রতিনিধি, Admin ।।

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।। যশোর জেলা শামস-উল-হুদা স্টেডিয়ামের উন্নয়ন ও আধুনিকায়নে ৩৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ের প্রস্তাবিত প্রকল্পে অর্থায়নের বিষয়ে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ।

জাতীয় ক্রীড়া পরিষদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে এ সম্মতি দেওয়া হয়েছে।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারিকৃত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রস্তাবিত ‘যশোর জেলা শামস-উল-হুদা স্টেডিয়াম এর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের অর্থায়নের বিষয়ে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট শর্তে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

চিঠি অনুযায়ী, প্রস্তাবিত প্রকল্পের প্রাক্কলিত ব্যয় সর্বোচ্চ ৩৪.৪৫ কোটি টাকা (চৌত্রিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা) নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রকল্পের সম্পূর্ণ বরাদ্দ জিওবি অনুদান হিসেবে গণ্য হবে।অর্থ বিভাগের সম্মতিপত্রে আরও বলা হয়েছে, অনুমোদিত অর্থের মধ্যে ডিপিপি সংশোধন করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধি-বিধান অনুসরণ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার কথাও উল্লেখ রয়েছে।

যশোরের ক্রীড়াঙ্গনের দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়িত হলে শামস-উল-হুদা স্টেডিয়ামের অবকাঠামোগত উন্নয়ন, খেলাধুলার পরিবেশ ও সুযোগ-সুবিধা বাড়ার পাশাপাশি স্থানীয় ক্রীড়াবিদদের জন্য আরও উন্নত প্রশিক্ষণ ও প্রতিযোগিতার পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।এদিকে, যশোরের উন্নয়নে ধারাবাহিক সমর্থন ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে প্রকল্পটি এগিয়ে নিতে সহযোগিতার জন্য ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের প্রতিও ধন্যবাদ জানানো হয়েছে।যশোরের রাজনৈতিক ও ক্রীড়া সংশ্লিষ্ট মহল মনে করছে, বহুল প্রত্যাশিত এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে জেলার ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম