Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 11-09-2026 ইং
উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী
উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন, উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়নের কথা বললেন মনিরুল হাসান বাপ্পী
বিশেষ প্রতিনিধি, Admin ।।

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।। খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশীতে বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) উত্তর বেদকাশীতে আয়োজিত বৃক্ষ মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, বৃক্ষ মানুষের জীবন ও পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি একই সঙ্গে কয়রা ও পাইকগাছা এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বক্তব্যে তিনি পাইকগাছা জিয়াউর রহমান ডিগ্রি মহিলা কলেজ জাতীয়করণ, কয়রা উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ এবং কয়রায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ক্রীড়া উপযোগী স্টেডিয়াম নির্মাণের বিষয় উল্লেখ করেন।

তিনি বলেন, এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় শিক্ষা, চিকিৎসা ও ক্রীড়াক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন হলে স্থানীয় জনগণ এর সুফল পাবে।

বৃক্ষ মেলা উপলক্ষে স্থানীয় বিভিন্ন নার্সারি ও প্রতিষ্ঠান তাদের উৎপাদিত ও সংগ্রহ করা বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করে।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম