Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 23-09-2026 ইং
মোল্লাহাটে ব্রিজের সংযোগ সড়ক এখন মরণ ফাঁদ
মোল্লাহাটে ব্রিজের সংযোগ সড়ক এখন মরণ ফাঁদ
বিশেষ প্রতিনিধি, Admin ।।

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।। বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের নলডাঙ্গী ব্রিজের সংযোগ সড়ক ভেঙে ডেবে যাওয়ায় তীব্র যাতায়াত সংকট তৈরি হয়েছে। প্রতিদিন জীবন ও জীবিকার তাগিদে এই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষের জন্য এটি এখন এক মরণফাঁদে পরিণত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরেজমিনে ঘুরে দেখা যায়, নলডাঙ্গী ব্রিজটি গাংনী ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের মূল যোগাযোগের মাধ্যম। এছাড়াও রুপসা, কাচদিয়া, গাংনী বাজার থেকে মাছ, তরিতরকারি সহ বিভিন্ন পন্যবাহি ট্রাক এই রুটে চলাচল করে। 

দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা থাকলেও সম্প্রতি সংযোগ সড়কের বড় একটি অংশ ধসে রাস্তার দুই পাশে থাকা ঘেরের মধ্যে ডেবে যায়। ফলে ইজিবাইক, ভ্যান ও মোটরসাইকেলসহ ছোট ছোট যানবাহন পড়েছে দুর্ঘটনার কবলে। রাতে আলোর ব্যবস্থা না থাকায় অচেনা পথচারী ও যানবাহন প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে। 

স্থানীয়রা জানান, পরপর এই স্থানে কয়েকটি ট্রাক উল্টে পড়েছে। গরু বোঝাই একটি ট্রাক উল্টে ৩ টি গরু নিহত হয়েছে। এছাড়াও রোজ কোনো না কোনো পন্যবাহি ট্রাক, ইজিবাইক ফেঁসে গিয়ে ঘটছে দুর্ঘটনা।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন কোন সংস্কার না হওয়ায় সংযোগ সড়কের নীচের মাটি সরে গিয়ে এই ধসের সৃষ্টি হয়েছে। সড়কটি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেলে কয়েক কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যেতে হবে, যা সময় ও খরচ দুটোই বহুগুণ বাড়িয়ে দেবে।

উপজেলা প্রকৌশল অধিদপ্তর (LGED) সূত্রে জানানো হয়েছে, ধসে যাওয়া অংশের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং জরুরি বরাদ্দের মাধ্যমে সড়কটির স্থায়ী সংস্কার নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।

 তবে স্থানীয়দের দাবি আশ্বাসের বেড়াজাল থেকে বের হয়ে অনতিবিলম্বে সংস্কার কাজ শুরু করা হোক, যাতে বড় কোনো দুর্ঘটনা বা প্রাণহানি এড়ানো যায়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম