Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 23-09-2026 ইং
লোহাগড়ায় মাছ ব্যবসায়ীকে মারধর, টাকা-ফোন ছিনতাইয়ের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ
লোহাগড়ায় মাছ ব্যবসায়ীকে মারধর, টাকা-ফোন ছিনতাইয়ের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ
বিশেষ প্রতিনিধি, Admin ।।

১৮ দিন কারাভোগ, সংবাদ সম্মেলনে মামলা প্রত্যাহার ও জড়িতদের শাস্তির দাবি

মোঃ আলমগীর হোসেন, নড়াইল প্রতিনিধি।। নড়াইলের লোহাগড়ায় মাছ ব্যবসায়ী রবিউল মোল্যাকে মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর তার পকেটে ইয়াবা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে মামলা থেকে অব্যাহতি এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী রবিউল মোল্যা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের সিডি বাজারে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন তিনি।

রবিউল মোল্যা জয়পুর ইউনিয়নের চাচই চরপাড়া গ্রামের জামির মোল্যার ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী রবিউলের পিতা মো: জামির মোল্যা,  রবিউলের মা পলি বেগম, চাচা মাফুজার মোল্যা, মোজাহের মোল্যা সহ আরও অনেকে ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল মোল্যা অভিযোগ করেন, গত ২ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার দিকে আলামুন্সির মোড় থেকে মাছ বিক্রি করে ইজিবাইকে বাড়ি ফেরার পথে চরআড়িয়ারা ব্রিজের কাছে পৌঁছালে চাচই চরপাড়া গ্রামের নবীর শেখের ছেলে জামায়েত শেখ, জুয়েল মাস্টারের ছেলে নাঈম শেখসহ অজ্ঞাতনামা  চার-পাঁচজন তার পথরোধ করেন। এ সময় তারা তাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে তার ব্যবহৃত একটি স্মার্টফোন ও তার কাছে থাকা ৫৯ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

রবিউল মোল্যার দাবি, হামলার একপর্যায়ে ওই ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে তার পকেটে ১০টি ইয়াবা ট্যাবলেট ঢুকিয়ে দেন। এরপর তাকে জোরপূর্বক আটকে রেখে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

তিনি বলেন, ‘আমি একজন মাছ ব্যবসায়ী। আমি ধূমপান করি না। মাদক বা ইয়াবা সেবনের প্রশ্নই ওঠে না। মাছ শিকার ও বিক্রি করে পরিবার নিয়ে জীবিকা নির্বাহ করি। আমার বাবার সঙ্গে পূর্ববিরোধের জের ধরে আমাকে মারধর করে মাদক দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’

রবিউল মোল্যা আরও জানান, ওই মামলায় তাকে ১৮ দিন নড়াইল জেল-হাজতে  থাকতে হয়েছে। বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন।

সংবাদ সম্মেলনে তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহার, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের  বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা এবং তার ক্ষতিপূরণের দাবি জানান।

 এ ব্যাপারে চাচই চরপাড়া গ্রামের  মোজাহের মোল্যা ও সবুর শেখ বলেন," আমাদের জানা মতে রবিউল মাদক তো দূরের কথা বিড়ি সিগারেটও খায় না। তার সাথে এ ধরনের  ঘটনা মোটেই   গ্রহণযোগ্য নই মন্তব্য করেন। আমরাও চাই ,পুলিশ যথাযথ তদন্ত করে এ মামলার প্রতিবেদন দাখিল করবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম