তেরখাদা প্রতিনিধি | খুলনা জেলার তেরখাদা উপজেলার তেরখাদা–সেনেরবাজার প্রধান সড়কের বিভিন্ন অংশে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে তেরখাদা থানা সংলগ্ন সড়কের চিত্র যেন দীর্ঘদিনের অব্যবস্থাপনারই প্রতিচ্ছবি।
সড়কের কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, কোথাও আবার খানাখন্দে ভরে গেছে পুরো রাস্তা। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে দুর্ভোগ আরও বেড়ে যায়। এতে যানবাহন চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে চলাচলের সময় দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়রা দ্রুত সড়কটির সংস্কার ও প্রয়োজনীয় মেরামতের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে তেরখাদা–সেনেরবাজার প্রধান সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে।