মোহাম্মদ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি |মতি নদীর ভয়াবহ ভাঙ্গনে রোধ, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের, বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ১০ নম্বর কোটাকোল ইউনিয়নের তেলকাড়া, করগাতি ও রায়পাশা এলাকার নদীপাড়ে, এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাসহ কয়েকশ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মধুমতি নদীর ভাঙ্গনে, কোটাকোল ইউনিয়নের বিভিন্ন এলাকার বসতবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা,নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এর মধ্যে তেলকাড়া, করগাতি ও রায়পাশা এলাকায় ভাঙ্গনের তীব্রতা সবচেয়ে বেশি হয়।
স্থানীয়দের দাবি, একসময় এসব এলাকায় প্রায় ৫০০ থেকে ৭০০ পরিবারের বসতবাড়ি ছিল। ভয়াবহ নদীভাঙ্গনে এসব পরিবারের অনেকের ঘরবাড়ি ও ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়েছে। নিঃস্ব হয়ে অনেক পরিবার অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ভাঙ্গনের তীব্রতা আরও বেড়েছে। তারা দ্রুত অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীভাঙ্গনে রোধে কার্যকর ব্যবস্থা এবং এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
স্থানীয়রা জানান, নদীভাঙ্গনে তেলকাড়া কারিকারপাড়া মসজিদ ও তেলকাড়া নতুন বাড়ি মসজিদ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া তেলকাড়া শেখপাড়া জামে মসজিদ, তেলকাড়া সিকদারপাড়া জামে মসজিদ ও তেলকাড়া পশ্চিমপাড়া জামে মসজিদও ভাঙ্গনের হুমকিতে রয়েছে।এ ছাড়াও করগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার সড়ক, তেলকাড়া আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভাঙ্গনের কবলে পড়েছে। পাশের বড়দিয়া এলাকাতেও নদীভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানান।
আয়োজকরা জানান, ১০ নম্বর কোটাকোল ইউনিয়নবাসী ও লোহাগড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মোস্তাফিজুর রহমানের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।