Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 14-10-2026 ইং
খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের বাসের ধাক্কায় নিহত-১
খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের বাসের ধাক্কায় নিহত-১
প্রতিনিধি, আরিফুজ্জামান নয়ন [ ডুমুরিয়া প্রতিনিধি ] ।।

খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃ-ত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দু-র্ঘটনা ঘটে। দু-র্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি গাবতলা বাজারে স্বর্ণ ব্যবসার পাশাপাশি নার্সারি ব্যবসাও করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোটরসাইকেল চালিয়ে খুলনা শহরের উদ্দেশে রওনা হন মিলন ভদ্র। মহাসড়কের এক পাশে সংস্কারকাজ চলায় তিনি অপর পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় চুকনগর থেকে খুলনাগামী দ্রুতগতির ইমাদ পরিবহনের একটি বাস তাঁর মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬।

ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন মিলন ভদ্র। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানার ওসি এসআই (নিঃ) মুন্সি পারভেজ আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দু-র্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেন।

খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। দু-র্ঘটনার পর পালিয়ে যাওয়া বাসটির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও প্রক্রিয়াধীন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম