Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 15-10-2026 ইং
খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম: প্রধান আসামি ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
খুলনায় পুলিশ পরিদর্শককে চাপাতি দিয়ে জখম: প্রধান আসামি ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
প্রতিনিধি, Admin ।।

খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ (৩৯) এবং তার সহযোগী মো. ইব্রাহিম গাজীকে (৪২) গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন কলাবাগান ও খুলনা সদর থানাধীন টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিরাজ খুলনা সদর থানার হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে। অপর আসামি ইব্রাহিম গাজী টুটপাড়া সরকারপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর খুলনা মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে রিকশাযোগে পুলিশ ক্লাবে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ আলম (৪৩)। এ সময় তিনজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তার পথরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একপর্যায়ে ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপর কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায় তারা।

পরে খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার হাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় খুলনা জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এসআরবি-৬ স্পেশাল কোম্পানি সূত্রে জানা যায়, গ্রেপ্তার মিরাজ ওরফে স্পিকার মিরাজের বিরুদ্ধে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) আড়ংঘাটা ও সদর থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতিসহ একাধিক মামলার তথ্য রয়েছে। অন্যদিকে ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী দল। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের খুলনা মহানগর পুলিশের সদর থানায় হস্তান্তর করা হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম