বাংলা পঞ্জিকায় এখন আশ্বিন মাস। সাধারণত পৌষ ও মাঘ মাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হলেও এরই মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শীতের আগমনী হাওয়া বইতে শুরু করেছে।
রাজধানী ঢাকাতেও উত্তর দিক থেকে বাতাস প্রবাহিত হচ্ছে। তবে শীতের পূর্ণ আমেজ পেতে আরও এক মাসের বেশি সময় অপেক্ষা করতে হতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হতে পারে। এ সময় থেকে ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা।তবে এবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের প্রভাব থাকতে পারে।
তিনি আরো জানান, দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলে নভেম্বরের প্রথম সপ্তাহেই শীতের আসতে পারে। তবে নভেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে দেশের অধিকাংশ এলাকায় শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর থেকে শীতের প্রকোপ বাড়বে এবং জানুয়ারিতে শীতের তীব্রতা সবচেয়ে বেশি থাকতে পারে।