সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বৃহত্তর ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে খুলনা জেলা ও মহানগরীর ৩৯৪টি পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬)। গত ১৩ অক্টোবর থেকে ব্যাটালিয়নের বিশেষ টহল কার্যক্রম শুরু হয়েছে। পূজামণ্ডপে সরেজমিনে পরিদর্শন, গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট স্থাপন, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে খুলনার ধর্মসভা মন্দিরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ এ সকল তথ্য জানান।
তিনি জানান, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৬-এর দায়িত্বপূর্ণ আটটি জেলায় মোট ৫ হাজার ৩৫৪টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে খুলনা জেলা ও মহানগরীতে ৩৯৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ের জন্য পূজামণ্ডপগুলোকে প্রথমে জেলাভিত্তিক এবং পরে উপজেলাভিত্তিক ভাগ করা হয়েছে। প্রতিটি উপজেলার জন্য নির্ধারণ করা হয়েছে ফোকাল পয়েন্ট কর্মকর্তা। তাঁরা নিজ নিজ এলাকার টহল দল নিয়ে পূজামণ্ডপ পরিদর্শন ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করছেন।
তিনি আরও জানান, তিন স্তরে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। প্রথম স্তরে টহল দলের মাধ্যমে পূজামণ্ডপ পরিদর্শন ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। দ্বিতীয় স্তরে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি চলছে। তৃতীয় স্তরে রাখা হয়েছে রিজার্ভ ফোর্স, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
এ ছাড়া দুর্গাপূজা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক প্রচারণা ও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। এসআরবি সদর দপ্তরে কেন্দ্রীয়ভাবে সাইবার মনিটরিংয়ের পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করা হচ্ছে। অনলাইনে কোনো উসকানিমূলক তৎপরতা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিলে আগেভাগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার লক্ষ্য রয়েছে।
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সমন্বয় সভা সম্পন্ন হয়েছে। আয়োজক কমিটি, সাধারণ মানুষ, গণমাধ্যম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করার আশা প্রকাশ করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।
উল্লেখিত, গত ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের দুর্গাপূজার সমাপ্তি ঘটবে।