নিজের বিরুদ্ধে ‘হাবিব বাহিনী’ গঠন, হামলা, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও চাঁদাবাজির মতো ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গাংনী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মো: হাবিবুর রহমান হাবিব।
আজ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য হাবিব অভিযোগ করেন, ডিবিসি নিউজ, বাংলা ভিশন, গ্রিন টিভি, এশিয়া পোস্ট ও এটিএন বাংলার খুলনা প্রতিনিধিদের প্রকাশিত সংবাদে তাঁকে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া অপরাধী ও একটি বাহিনীর প্রধান হিসেবে উপস্থাপন করা হয়েছে। এতে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে তিনি দাবি করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, হাবিব বাহিনী’ অস্তিত্বহীন। এলাকায় তাঁর কোনো ক্যাডার বা ‘বাহিনী’ নেই। সাধারণ জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি দুই দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। মানুষের সাথে সামাজিক মেলবন্ধনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘বাহিনী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
প্রচারিত সংবাদে তাঁর বিরুদ্ধে এক ডজন মামলা ও সাধারণ ডায়েরির (জিডি) কথা বলা হলেও, মোল্লাহাট থানার তথ্য অনুযায়ী তাঁর বিরুদ্ধে কেবল ৩টি মামলা রয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, নিরপেক্ষ তদন্তে এর চেয়ে বেশি মামলা পাওয়া গেলে তিনি আইনের যেকোনো সিদ্ধান্ত মাথা পেতে নেবেন।
হাবিব অভিযোগ করেন, স্থানীয় দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধের কারণে এবং পুলিশ সাব-ইনস্পেক্টর (এসআই) মো: মাহফুজুর রহমান মিন্টু ও ইমরাণ মোল্লার বিরুদ্ধে গ্রামবাসীদের লিখিত অভিযোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে।
যাচাই-বাছাই না করে ভিত্তিহীন তথ্য প্রচার করায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে প্রয়োজনে আইনি নোটিশ পাঠানো ও পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান। তার দাবী, হাবিব বাহিনী’ নামের কোনো অস্তিত্ব আছে কি না, তার নিরপেক্ষ তদন্ত।
সরকারি নথি যাচাই করে তাঁর বিরুদ্ধে মামলার প্রকৃত সংখ্যা প্রকাশ করা। মোল্লাহাট থানা ও সংশ্লিষ্ট আদালতের তথ্য জনসমক্ষে প্রকাশ। ভুল তথ্য পরিবেশনকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি। বাড়িঘর ভাঙচুরের অভিযোগের নিরপেক্ষ তদন্ত।সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো কর্তৃক ভুল বা বিভ্রান্তিকর তথ্য সংশোধন ও প্রতিবাদ প্রকাশ।
এসআই মো: মাহফুজুর রহমান মিন্টু ও ইমরাণ মোল্লার অবৈধ সম্পদ অর্জনের নিরপেক্ষ তদন্ত। ভিত্তিহীন সংবাদ প্রকাশের মাধ্যমে সম্মানহানির প্রতিকার নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মো: হাবিবুর রহমান হাবিব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিচার বিভাগের কাছে নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। তিনি বলেন, "আমি আইনের ঊর্ধ্বে নই, তবে কোনো ভিত্তিহীন অভিযোগে আমাকে অপরাধী হিসেবে চিহ্নিত করাও গ্রহণযোগ্য নয়। আমি সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচার চাই।