Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 17-10-2026 ইং
নাহিয়ান ফাউন্ডেশনের উদ্যোগ হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ
নাহিয়ান ফাউন্ডেশনের উদ্যোগ হিন্দু সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

শারদীয় দুর্গোৎসবের আনন্দ অসচ্ছল মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে খুলনায় দুই শতাধিক পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও শিশুদের উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার সকালে নগরীর খালিশপুরের ৮ নম্বর ওয়ার্ডের ক্রিসেন্ট জুট মিলস মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‘মানবতার সেবাই ধর্ম’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে শাড়ি, লুঙ্গি ও শিশুদের জন্য উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য তাহেরা সুলতানা রত্নার সার্বিক সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন এ এম নাহিদ হোসেন।

উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা। তারা বলেন, উৎসবের আগে নতুন পোশাক ও শিশুদের জন্য উপহারসামগ্রী পেয়ে তাঁরা আনন্দিত। আর্থিক অসচ্ছলতার কারণে অনেকের পক্ষেই পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কেনা সম্ভব হয় না। এমন উদ্যোগে তাঁদের উৎসবের আনন্দ আরও বেড়েছে। তাঁরা এ মানবিক উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকরা জানান, উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসচ্ছল পরিবারের পাশে দাঁড়ানোই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা তাঁদের।

এ সময় উপস্থিত ছিলেন নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোসা. সিমা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হাই কালু, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হৃদয় হাসেম আসমত এবং ৮ নম্বর ওয়ার্ড মহিলাদলের আহ্বায়ক মোসা. জোসনা ও সদস্যসচিব মোসা. মাসুমাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম