আজ বুধবার (২১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। আজ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। দেবীর বিদায়ের মুহূর্তে মণ্ডপে মণ্ডপে বাজবে বিষাদের সুর। ভক্তদের চোখে থাকবে বিদায়ের বেদনা, আর ঢাক ও শঙ্খের ধ্বনিতে মুখর হবে পূজামণ্ডপ।
বিজয়া দশমী উপলক্ষে সকালে সারাদেশের পূজামণ্ডপে অনুষ্ঠিত হবে বিহিত পূজা। এরপর সম্পন্ন হবে দর্পণ ও বিসর্জনের আনুষ্ঠানিকতা।সুবিধাজনক সময় অনুযায়ী শোভাযাত্রার মাধ্যমে সারাদেশে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। হিন্দুশাস্ত্র অনুযায়ী, এদিন দেবী দুর্গা মর্ত্যলোক ছেড়ে কৈলাসে ফিরে যাবেন।
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার বিদায়বেলায় ভক্তদের মনে যেমন থাকবে বিষাদের আবহ, তেমনি আগামী বছরের পূজায় আবারও দেবীর আগমনের অপেক্ষায় থাকবেন তারা।