Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 21-10-2026 ইং
শরণখোলায় চাঞ্চল্যকর জুঁই আত্মহত্যা মামলার এজাহার নামীয় একমাত্র আসামি এসআরবি-৬ এর কাছে আটক।
শরণখোলায় চাঞ্চল্যকর জুঁই আত্মহত্যা মামলার এজাহার নামীয় একমাত্র আসামি এসআরবি-৬ এর কাছে আটক।
প্রতিনিধি, অতনু চৌধুরী রাজু [ বাগেরহাট প্রতিনিধি ] ।।

বাগেরহাটের শরণখোলায় প্রেমিকের প্ররোচনা ও শারীরিক নির্যাতনে চাঞ্চল্যকর জুঁই আত্মহত্যা মামলার এজাহার নামীয় একমাত্র আসামি মাসুদ খানকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৬, সদর কোম্পানির একটি অভিযানিক দল।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন শিরোমণি বাজার এলাকায় এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মাসুদ খান (৩৫) বাগেরহাটের শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর এলাকার মৃত শাহজাহান খানের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শান্তা আক্তার জুঁই (৩০) শরণখোলা উপজেলার রতিয়া রাজাপুর এলাকার বাসিন্দা এবং কুয়েতপ্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।তাদের ১১ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

এ অভিযোগ অনুযায়ী জানা গেছে, গত ৫ অক্টোবর মাসুদ খান বিয়ের প্রলোভন ও প্রতারণার মাধ্যমে জুঁইকে নিয়ে শরণখোলার কদমতলা গ্রামের একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বসবাস শুরু করেন। পরে মাসুদ বিয়ে করতে অস্বীকৃতি জানান এবং জুঁইকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।

এর পরিপ্রেক্ষিতে জানা গেছে, গত ১৭ অক্টোবর জুঁই আত্মহত্যা করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে মাসুদ আত্মগোপনে ছিলেন। এ ঘটনায় জুঁইয়ের মা শামসুন্নাহার রুনু শরণখোলা থানায় মাসুদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি-৬ সদর কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত আসামিকে শরণখোলা থানায় হস্তান্তর করা হয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম