খুলনা নগরীতে তুষার (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার আনসার আলী গলির সামনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল এবং কিছুটা দূর থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে পূর্ব বানিয়াখামার খাদেমুল উলুম মাদ্রাসার সামনে কয়েকজন যুবকের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। এতে তুষারের পিঠে গুলি লাগে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
তিনি আরও জানান, নিহত তুষারের বিরুদ্ধে মাদকদ্রব্য ও অস্ত্র আইনে মামলা রয়েছে।এ ঘটনায় হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে।