খুলনার তেরখাদায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) বেলা আনুমানিক ১১টা ১০ মিনিটে উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রামীম বিশ্বাস মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা এবং হাবিবুর রহমানের ছেলে।
পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ঘটনার সময় রামীম বিশ্বাস সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামে খান ব্রিকসের কাছে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর পাঁজরে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ঘটনার খবর পেয়ে তেরখাদা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ছাড়া সংশ্লিষ্ট এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।