খুলনার ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকায় গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অপরাধে আনিছুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে ১২টা ৫০ মিনিট পর্যন্ত এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরা এবং ডুমুরিয়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত আনিছুর রহমান পলাশ ডুমুরিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত লুৎফর রহমান।
অভিযান সূত্রে জানা যায়, ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রির অপরাধে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ডুমুরিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহেল রানা প্রাণী কল্যাণ আইনের ১৬ ধারায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।