Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 25-10-2026 ইং
ভুল নিয়মে নম্বরপ্লেট বানালে হতে পারে শাস্তি : নেওয়া হতে পারে আইনগত ব্যবস্থা
ভুল নিয়মে নম্বরপ্লেট বানালে হতে পারে শাস্তি : নেওয়া হতে পারে আইনগত ব্যবস্থা
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

মোটরসাইকেলের পেছনের ডিজিটাল প্লেটের পাশাপাশি এখন সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট ব্যবহার বাধ্যতামূলক করেছে বিআরটিএ। আগামী ১৫ নভেম্বরের মধ্যে বাইক মালিকদের নিজ দায়িত্বে নির্ধারিত নিয়ম মেনে এই নম্বরপ্লেট লাগাতে হবে, অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। গত ১৬ অক্টোবর বিআরটিএর প্রকাশিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, সামনের নম্বরপ্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। প্লেটের পটভূমি হবে সাদা, আর বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে কালো রঙে। নম্বরপ্লেটে কোনো নকশা বা শোভাবর্ধন করা যাবে না। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে।

এছাড়া স্কুটার ও অন্যান্য মোটরসাইকেলের জন্য নম্বরপ্লেটের আকারও আলাদাভাবে নির্ধারণ করে দিয়েছে বিআরটিএ। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। এতে ব্যবহৃত অক্ষর ও সংখ্যার উচ্চতা রাখতে হবে কমপক্ষে ২০ মিলিমিটার।

অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। এসব প্লেটেও অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট স্থাপনের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।তা না হলে জরিমানাসহ শাস্তির পেতে হতে পারে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম