বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হলে আর লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচির প্রয়োজন হবে না। বিরোধী দলগুলোর মূল দাবি হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন।
রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। এ কারণে সরকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে গঠিত বিশেষ কমিটি সংবিধান সংশোধনের নামে জুলাই সনদের সঙ্গে বেইমানি করছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, এ প্রক্রিয়া সংবিধান অনুযায়ী সম্পূর্ণ বেআইনি। গণভোটের মাধ্যমে বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ খারিজ হয়ে গেছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, অনেক কারখানা বন্ধ হয়ে গেছে, আরও কারখানা বন্ধ হচ্ছে। সরকার এক কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। মানুষের কর্মসংস্থান নেই।
আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, দেশে আইন ও শৃঙ্খলা—কোনোটিই ঠিকমতো নেই। যারা সরকারে আছেন, তারা বিচার পাচ্ছেন; কিন্তু যারা সরকারে নেই, তারা বিচার পাচ্ছেন না।
এ সময় বন্ধ হয়ে যাওয়া ব্যাংকগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তাঁর মতে, বন্ধ ব্যাংক চালু করা গেলে সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।