পদ্মা সেতু রেল প্রকল্পের আওতায় যশোর বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে সকালে প্রভাতী এক্সপ্রেস ট্রেন চালুসহ ছয় দফা দাবি জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।মঙ্গলবার (২৭ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠানোর জন্য যশোর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনটির আহ্বায়ক কাওসার আলী ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন।
স্মারকলিপিতে বলা হয়, পদ্মা সেতু রেল প্রকল্প চালুর ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকায় দ্রুত ও সাশ্রয়ী যাতায়াতের সুযোগ তৈরি হয়েছে। তবে বেনাপোল-যশোর-ঢাকা রুটে বিকেলে ট্রেন চলাচল করায় যাত্রীরা রাজধানীতে দাপ্তরিক কাজ শেষ করে একই দিনে ফিরতে পারছেন না। অন্যদিকে, দর্শনা, কোটচাঁদপুর ও কালীগঞ্জ এলাকার মানুষ পদ্মা সেতু রেলপথে পর্যাপ্ত যাতায়াত সুবিধা পাচ্ছেন না বলে দাবি করেছে সংগঠনটি।
সংগঠনটির নেতারা জানান, বেনাপোল স্থলবন্দরসহ যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া অঞ্চলের মানুষের যাতায়াতের চাহিদা বিবেচনায় সকালে ঢাকাগামী ট্রেন চালু করা প্রয়োজন। এতে যাত্রীরা একই দিনে রাজধানীতে প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়ি ফিরতে পারবেন। পাশাপাশি সময় ও যাতায়াত ব্যয় কমবে।
স্মারকলিপিতে উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—বর্তমান ট্রেনের সময়সূচি বহাল রেখে বেনাপোল-যশোর-ঢাকা ও দর্শনা-যশোর-ঢাকা রুটে প্রভাতী এক্সপ্রেস চালু, ঢাকা ও খুলনায় প্রতিদিন যাতায়াত করে অফিস করার উপযোগী সময়সূচি নির্ধারণ, আন্তঃনগর ট্রেনে সাধারণ শ্রেণির বগি এবং কৃষিপণ্য ও মালামাল পরিবহনের উপযোগী বগি সংযোজন, সাধারণ শ্রেণির ট্রেনভাড়া বাসভাড়ার চেয়ে কম রাখা, অনলাইন নিবন্ধনের বাইরে টিকিট সংগ্রহের বিকল্প ব্যবস্থা চালু এবং প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে টিকিটপ্রাপ্তি নিশ্চিত করা।
এ ছাড়া দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল রেললাইন নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ফুল, ফল, সবজি ও মাছসহ বিভিন্ন কৃষিপণ্য পরিবহনের উপযোগী বগি সংযোজন করা হলে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা উপকৃত হবেন। একই সঙ্গে সাশ্রয়ী ভাড়া ও সহজে টিকিটপ্রাপ্তির ব্যবস্থা নিশ্চিত হলে সাধারণ মানুষের রেলযাত্রা আরও সহজ হবে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এসব দাবি নিয়ে এর আগেও রেল উপদেষ্টা ও রেল সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে দাবিগুলোর যৌক্তিকতাও তুলে ধরা হয়েছে।দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধা এবং দীর্ঘদিনের পরিবহনসংক্রান্ত সমস্যা বিবেচনায় নিয়ে দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।