হানিফ মাহমুদ, কয়রা |২৭,অক্টোবর ২০২৬
খুলনার কয়রা উপজেলার অবহেলিত ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কয়রা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। হাসপাতালটির নিয়মিত ফ্রি অপারেশন কর্মসূচির আওতায় এ পর্যন্ত প্রায় ১২৫টি অপারেশন সম্পন্ন হয়েছে। এ উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় উল্লেখ করে হাসপাতালটির কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা জেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক এম এ হাসান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) হাসপাতাল পরিদর্শনকালে এম এ হাসান বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং সদ্য অপারেশন হওয়া রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার মান ও তাঁদের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কে জানতে চান।
হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ ধরে প্রতি মঙ্গলবার নিয়মিতভাবে বিনামূল্যে অপারেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপকূলীয় এলাকার দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্বল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়ায় উপকৃত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
পরিদর্শন শেষে এম এ হাসান বলেন, কয়রার প্রত্যন্ত অঞ্চল ও নদী পারের মানুষের জন্য খুলনা শহরে গিয়ে উন্নত চিকিৎসা নেওয়া এবং বিশেষজ্ঞ চিকিৎসকের ফি বহন করা অনেক কঠিন। এ অবস্থায় কয়রা হাসপাতালের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক আলমগীর হোসেনের উদ্যোগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অপারেশন এবং স্বল্প খরচে চিকিৎসাসেবা প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয়।
তিনি আরও বলেন, হাসপাতালটিতে এসে অসহায় মানুষের চিকিৎসাসেবা পাওয়ার চিত্র সরাসরি দেখেছেন। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠাতা আলমগীর হোসেনকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হাসপাতালটির বিনামূল্যে অপারেশন কর্মসূচি ও চিকিৎসাসেবার খবর ছড়িয়ে পড়ায় কয়রার প্রত্যন্ত অঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে রোগীরা এখানে আসছেন। স্বল্প খরচে চিকিৎসা ও বিনামূল্যে অপারেশনের এ উদ্যোগ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
সংশ্লিষ্টদের মতে, উপকূলীয় অঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসাব্যয় কমাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত এ কার্যক্রম অব্যাহত থাকলে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষের জন্য তা আরও সহায়ক হবে।