Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 28-10-2026 ইং
৩১ অক্টোবর জামায়াতের লং মার্চের কর্মসূচি ঘোষনা
৩১ অক্টোবর জামায়াতের লং মার্চের কর্মসূচি ঘোষনা
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে লং মার্চ উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি জেনারেল, সাবেক সংসদ সদস্য ও লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মিয়া গোলাম পরওয়ার।

সভায় ৩১ অক্টোবরের লং মার্চের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। এ সময় সেক্রেটারি জেনারেল বিভিন্ন বিভাগের প্রস্তুতির খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন।

লং মার্চ উপলক্ষে আগামী ৩১ অক্টোবর সকাল ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার লাখো মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সংগঠনের দায়িত্বশীলদের ভূমিকা রাখার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার।

উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

এদিন প্রায় এক হাজার গাড়ির বিশাল বহর নিয়ে সকাল ৮টায় লং মার্চ শুরু হবে। মাওয়া সড়ক হয়ে পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুর, মাদারীপুর, ভাঙ্গা (ফরিদপুর), গোপালগঞ্জ, ফকিরহাট (বাগেরহাট) ও রূপসা সেতু হয়ে খুলনায় পৌঁছাবে বহরটি। এরপর যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়া জিলা স্কুল মাঠের সমাপনী সমাবেশে যোগ দেবে। এ যাত্রায় গণমাধ্যমকর্মী, চিকিৎসক, শিল্পী ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেবেন।

লং মার্চের পথে সকাল ৯টায় শরীয়তপুরের জাজিরার নাওডোবায়, বেলা ১১টায় বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়ে, দুপুর সাড়ে ১২টায় খুলনা মহানগরীর বাবরী চত্বরে এবং দুপুর ২টায় ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে পথসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিকেল সাড়ে ৩টায় যশোরের মুড়লীর মোড়ে এবং বিকেল ৫টায় ঝিনাইদহ বাস টার্মিনালে পথসভা হবে। সবশেষে রাত সাড়ে ৮টায় কুষ্টিয়া জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশে যোগ দেবে লং মার্চের বহর।

সভায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপিসহ সংগঠনের শৃঙ্খলা, প্রচার, তথ্যপ্রযুক্তি ও সাংস্কৃতিক বিভাগের দায়িত্বশীল এবং ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম