Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 28-10-2026 ইং
দাবি বাস্তবায়ন না হলে এক দফায় রূপ নিতে পারে : মোবারক হোসেন
দাবি বাস্তবায়ন না হলে এক দফায় রূপ নিতে পারে : মোবারক হোসেন
প্রতিনিধি, জসিমউদদীন তুহিন [যশোর জেলা প্রতিনিধি ] ।।

সরকারের কাছে উত্থাপিত ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে জনস্বার্থে এসব দাবি এক দফায় রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন।

বুধবার বেলা ১১টায় প্রেসক্লাব যশোরে ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য, যশোর জেলা আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।মোবারক হোসেন বলেন, ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি মানুষের চাহিদা ও জনদুর্ভোগের বিষয়গুলো বিবেচনায় নিয়ে উত্থাপন করা হয়েছে। সরকারকে কাজ করার সুযোগ দিতে চান তারা। সরকারের কাজে বাধা সৃষ্টি নয়, বরং জনস্বার্থে সহযোগিতা করাই তাদের উদ্দেশ্য। তবে গত আট মাসে সরকারের যে পরিমাণ অগ্রগতি হওয়ার কথা ছিল, তা যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে সাধারণ মানুষ নানা ধরনের দুর্ভোগের মুখে রয়েছেন। বিরোধী দল হিসেবে এসব সংকটের বিষয়ে তারা সোচ্চার থাকবেন। সরকার সাত দফা দাবি যথাযথভাবে বিবেচনা না করলে ভবিষ্যতে তা এক দফায় রূপ নিতে পারে। তবে বিষয়টি ভবিষ্যৎ পরিস্থিতি ও জনস্বার্থের ওপর নির্ভর করবে।

৩১ অক্টোবরের লংমার্চের প্রস্তুতি তুলে ধরে মোবারক হোসেন জানান, ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সকাল ৭টায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর বাগেরহাটের কাটাখালী মোড়, খুলনার বাবরি চত্বর, ফুলতলা এবং যশোরের মুড়লিপুরে কর্মসূচি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায়ও বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে।মানচিত্র দেখুন তিনি বলেন, লংমার্চের সাফল্য নির্ধারণে সাধারণ মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। যশোরের বিভিন্ন সড়কের দুই পাশে বিপুলসংখ্যক মানুষ লংমার্চকে স্বাগত জানাবেন বলে তারা আশা করছেন। এ সময় যশোরে ঐতিহাসিক জনসমাগম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।সাংবাদিকদের চলাচলে বিশেষ ব্যবস্থা এবং লংমার্চে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে মোবারক হোসেন বলেন, সংবাদমাধ্যমের গাড়ি সহজে শনাক্ত করার জন্য বিশেষ স্টিকার ব্যবহারের ব্যবস্থা রাখা হচ্ছে।

এর ফলে সাংবাদিকেরা এক স্থান থেকে অন্য স্থানে সহজে যাতায়াত করতে পারবেন এবং লংমার্চের বহরে শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।সভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল এমপি। এ সময় এনসিপির যশোর জেলা আহ্বায়ক নুরুজ্জামানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম