Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 28-10-2026 ইং
লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, আহত -২
লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষ, আহত -২
প্রতিনিধি, আলমগীর হোসেন [ নড়াইল প্রতিনিধি ] ।।

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের চর সারুলিয়া গ্রামে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের বাম হাতের তিনটি আঙুল কেটে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম  হয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চর সারুলিয়া গ্রামের তাইফুরের মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চর সারুলিয়া গ্রামের টুটুল শেখ (৩০), পিতা মৃত আব্দুস ছত্তার শেখ এবং টুকু ফকির (৪৫), পিতা মৃত ফজর ফকিরের নেতৃত্বাধীন দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার সকালে টুটুল শেখের পক্ষের কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রিপন মোল্যা (৩৫) ও ফেরদাউস খার (৩৬) ওপর অতর্কিত হামলা চালান বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রিপন মোল্যার বাম হাতের তিনটি আঙুল কেটে যাওয়াসহ ডান হাত ও পিঠে ধারালো অস্ত্রের আঘাত লাগে। অন্যদিকে ফেরদাউস খার পিঠেও কাটা জখম হয়েছে। ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিরোধের জেরে ভবিষ্যতে আরও বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম