Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 01-11-2026 ইং
খুলনায় মসজিদের পাশে যুবককে কুপিয়ে হত্যা
খুলনায় মসজিদের পাশে যুবককে কুপিয়ে হত্যা
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

খুলনা মহানগরীর লবণচরা থানা এলাকায় শহিদুল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার (১ নভেম্বর) রাতের কোনো একসময় লবণচরা থানাধীন বুড়ো মৌলভীর দরগা এলাকার কাসেমিয়া জামে মসজিদের দক্ষিণ পাশে সড়কের ওপর এ ঘটনা ঘটে। নিহত শহিদুল বুড়ো মৌলভীর দরগা এলাকার মাহাতাব শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শহিদুলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে সড়কের ওপর ফেলে রেখে যায়। পরে তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম