মালদ্বীপে কর্মরত প্রবাসী বাংলাদেশি কর্মীদের নিজ নিজ নিয়োগকর্তা বা কোম্পানির সঙ্গে সম্পাদিত চাকরির চুক্তিপত্রের কপি সংগ্রহ করে নিজেদের কাছে সংরক্ষণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
রোববার (১ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম অনুযায়ী প্রত্যেক কর্মীর সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির লিখিত চাকরির চুক্তিপত্র থাকতে হবে। ওই চুক্তিপত্রে কর্মীর দায়িত্ব, বেতন, সুযোগ-সুবিধা এবং চাকরির অন্যান্য শর্তাবলি স্পষ্টভাবে উল্লেখ থাকা বাধ্যতামূলক।
হাইকমিশন আরও জানায়, প্রত্যেক কর্মীর নিজ নিজ কোম্পানি থেকে চুক্তিপত্রের একটি কপি সংগ্রহ করে নিজের কাছে সংরক্ষণ করা দায়িত্ব। এ বিষয়ে মালদ্বীপে বসবাসরত ও কর্মরত সব প্রবাসী বাংলাদেশিকে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।