Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 02-11-2026 ইং
পদ্মা ব্যারাজ নির্মাণে বড় উদ্যোগ, সেচ সুবিধা পাবে ২৮ লাখ হেক্টর জমি
পদ্মা ব্যারাজ নির্মাণে বড় উদ্যোগ, সেচ সুবিধা পাবে ২৮ লাখ হেক্টর জমি
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, পরিবেশ ও অর্থনীতির উন্নয়ন এবং শুষ্ক মৌসুমে পানিসংকট দূর করতে পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ এ ব্যারাজ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

পরিকল্পনা কমিশন জানায়, বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার এই প্রকল্পের মাধ্যমে বর্ষার পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে নিয়ন্ত্রিতভাবে সরবরাহ করা হবে। ব্যারাজে প্রায় ২ হাজার ৯০০ মিলিয়ন ঘনমিটার পানি সংরক্ষণ এবং ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা থাকবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃহত্তর কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পাবনা ও রাজশাহী অঞ্চলের প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর কৃষিজমি সেচ সুবিধার আওতায় আসবে।

এ ছাড়া খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলের লবণাক্ততা কমানো, সুন্দরবনে মিঠাপানির প্রবাহ নিশ্চিত করা, নদীর নাব্যতা পুনরুদ্ধার এবং যশোরের ভবদহসহ বিভিন্ন এলাকার জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রকল্পটি।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম