যশোর শহরের বকুলতলায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গরিব শাহ মাজারের সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভটির দক্ষিণ পাশে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। দিকে জেলা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এর আগে সকালে কোতোয়ালি থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা স্মৃতিস্তম্ভটি পর্যবেক্ষণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্মৃতিস্তম্ভের দক্ষিণ পাশে নিচ থেকে প্রায় ছয় থেকে সাত ফুট উচ্চতা পর্যন্ত আগুনে পোড়ার কালো দাগ রয়েছে। আগুন দেওয়ার পর কেউ ওই দাগ মুছে ফেলার চেষ্টা করেছে বলেও ধারণা করা হচ্ছে।পুলিশের সংগ্রহ করা সিসিটিভি ফুটেজে গভীর রাতে তিন যুবককে স্মৃতিস্তম্ভের সামনে যেতে দেখা গেছে। ফুটেজে তাদের মধ্যে দুজন পেট্রোল অথবা অন্য কোনো দাহ্য পদার্থ ব্যবহার করে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেন বলে জানা গেছে।
অপর একজন ঘটনাটি ভিডিও ধারণ করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।এদিকে, আগুন দেওয়ার দৃশ্য নিষিদ্ধঘোষিত যুবলীগের কয়েকজন নেতা তাঁদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচার করেছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন যশোরের যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল, পৌরসভার সাবেক কাউন্সিলর আলমগীর কবির সুমন এবং ছাত্রলীগের সদর উপজেলা শাখার সাবেক আহ্বায়ক রবিউল ইসলাম।
ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করছে।