Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 03-11-2026 ইং
আজ জেল হত্যা দিবস
আজ জেল হত্যা দিবস
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

আজ ৩ নভেম্বর, জেল হত্যা দিবস। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয় মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকে। তাঁরা হলেন বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামান। বাংলাদেশের ইতিহাসে দিনটি শোকাবহ ও কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় জাতীয় চার নেতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের নেতৃত্ব, দূরদর্শিতা ও সাংগঠনিক দক্ষতায় মুক্তিযুদ্ধ পরিচালনা এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পথ সুগম হয়।

জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন আসে। এর ধারাবাহিকতায় ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। ঐতিহাসিকভাবে এ হত্যাকাণ্ডকে স্বাধীনতাবিরোধী শক্তি এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করা হয়।

প্রতি বছর ৩ নভেম্বর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে জেল হত্যা দিবস পালন করে। এদিন জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম