মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট সংযোজন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনে বিদ্যমান জটিলতা দূর করতে ‘সড়ক পরিবহন বিধিমালা, ২০২২’-এ সংশোধন এনেছে সরকার। এর ফলে এখন থেকে যেকোনো মোটরসাইকেলের মডেল ও কাঠামোর সঙ্গে মিল রেখে সামনের নম্বরপ্লেটের মাপ, অক্ষরের আকৃতি এবং লেখার বিন্যাস নির্ধারণ করা যাবে।
সম্প্রতি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব আল-আমীন মো. নূরুল ইসলামের সই করা এসংক্রান্ত প্রজ্ঞাপন গত ১ নভেম্বর বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। সংশোধিত এই বিধিমালা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১২২ ধারার ক্ষমতাবলে এ বিধিমালা সংশোধন করা হয়। নতুন নিয়মে মোটরসাইকেলের সামনের রেজিস্ট্রেশন নম্বর প্রচলিত নিয়মের পাশাপাশি এক লাইনেও লেখার সুযোগ রাখা হয়েছে। এছাড়া যানবাহনের গঠনভেদে নম্বরপ্লেটের বিভিন্ন বৈশিষ্ট্য ঠিক করার ক্ষমতা দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)।
সংশোধিত বিধান অনুযায়ী, প্রয়োজন সাপেক্ষে বিআরটিএ সামনের নম্বরপ্লেটে ব্যবহৃত অক্ষরের উচ্চতা, জেলা বা অঞ্চলের নাম এবং শ্রেণির নির্দেশক অক্ষরের মাপ নির্ধারণ করতে পারবে। একই সঙ্গে প্লেটের ফাঁকা জায়গা, সংখ্যাগুলোর মধ্যবর্তী দূরত্ব এবং হাইফেনের দৈর্ঘ্যও নির্দিষ্ট করে দেওয়া যাবে। এক লাইনে নম্বর লেখার ক্ষেত্রে জেলা বা অঞ্চলের নাম এবং শ্রেণির পর নির্দিষ্ট মাপের হাইফেন ব্যবহারের নিয়ম রাখা হয়েছে।
নতুন বিধিমালায় বিপরীতমুখী রেট্রো-রিফ্লেক্টিভ প্লেট ব্যবহারের বিষয়টিও যুক্ত করা হয়েছে। এই প্রযুক্তির প্লেট আলো প্রতিফলিত করে রাতে বা দূর থেকেও নম্বর স্পষ্টভাবে দৃশ্যমান রাখতে সহায়তা করে। এছাড়া সংশ্লিষ্ট উপবিধি থেকে ‘মোটরসাইকেল এবং’ শব্দ দুটি বাদ দেওয়ায় নম্বরপ্লেটের নকশা ও বিন্যাস নির্ধারণে বিআরটিএর এখতিয়ার আরও স্পষ্ট হয়েছে।
খাতসংশ্লিষ্টদের মতে, বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মোটরসাইকেলের সামনের অংশের নকশা ভিন্ন হওয়ায় সব মডেলে একই আকারের নম্বরপ্লেট লাগানো সম্ভব হতো না। এই সংশোধনের ফলে সেই জটিলতার অবসান ঘটবে এবং প্রতিটি মডেলের গঠন কাঠামো বিবেচনা করে সঠিক মাপে নম্বরপ্লেট স্থাপন করা যাবে।
বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার এবং সিসিটিভি ক্যামেরা ও অটোমেটেড নম্বরপ্লেট রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে সহজে যানবাহন শনাক্ত করতে নম্বরপ্লেটের দৃশ্যমানতা অত্যন্ত জরুরি। সরকারের এই পদক্ষেপে সড়কে শৃঙ্খলা বজায় রাখা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।