Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 03-11-2026 ইং
উৎসবের আমেজে খুলনা : বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী
উৎসবের আমেজে খুলনা : বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই প্রথম দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পনগরী খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার তিনি খুলনা সিটি কর্পোরেশনসহ বাগেরহাট জেলা সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। 

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গোটা খুলনা শহরজুড়ে বইছে উৎসবের আমেজ। এর আগে, ২২ অক্টোবর খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে হেলিকপ্টারে নেমে তিনি নৌপথে মংলা বন্দর গিয়েছিলেন।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নতুন সাজে সেজেছে খুলনা মহানগরী।নতুন রেলস্টেশন, জেলা প্রশাসক কার্যালয়সহ শহরের বিভিন্ন দেওয়ালে শোভা পাচ্ছে চোখ ধাঁধানো গ্রাাফিতি। ৫ নভেম্বর বিকালে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’- এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছাবেন। সেখানে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের মধ্যকার সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তিনি।

এরপর তিনি সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা দেবেন। জিয়ারত শেষে দুপুরে সড়কপথে খুলনা সার্কিট হাউজে পৌঁছাবেন এবং সেখানে কিছু সময় বিশ্রাম নেবেন।

বিকাল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ওইদিন প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন।বিকাল সাড়ে ৪টায় হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করার কথা রয়েছে তার।

গত রবিবার (০১ নভেম্বর) মহানগর বিএনপি কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠন—ছাত্রদল, যুবদল, মহিলা দল এবং স্বেচ্ছাসেবক দলের সাথে আয়োজিত দিনব্যাপী এক যৌথ মতবিনিময় সভায় এসব তথ্য জানান খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। মহানগর বিএনপির সভাপতি ও কেডিএ-র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও বিসিবি-র পরিচালক শফিকুল আলম তুহিনের পরিচালনায় মতবিনিময় সভা সকাল ১১টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম