বাগেরহাটের রামপালে দুবাই বাংলাদেশ সিমেন্ট মিলস লিমিটেডের ডিপো ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। ডিপোতে শতাধিক হরিণ পালন, জবাই করে মাংস সরবরাহ এবং সরকারি খাল দখলের অভিযোগ নিয়ে খুলনার খবরে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
সুন্দরবনের মায়াবী হরিণ পালন ও জবাইয়ের অভিযোগে আদালত তদন্তের নির্দেশ দেওয়ার পর এবার সরকারি রেকর্ডভুক্ত ঠালনতলা খাল ভরাট ও দখলের অভিযোগের সত্যতা পেয়েছে উপজেলা ভূমি অফিসের তদন্ত দল।
উপজেলা ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, কোম্পানিটি দুটি সরকারি খালের মোট ১.১০ একর জমি ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে রাস্তা, সীমানাপ্রাচীর, ট্রাক স্ট্যান্ড ও মেরামতের ঘরসহ বিভিন্ন অবকাঠামো।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সরকারি খালের জমি ভরাট করে স্থাপনা নির্মাণের ফলে খাল দুটির স্বাভাবিক পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে সরকারি সম্পত্তির পাশাপাশি এলাকার পানি নিষ্কাশন ও পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় সরকারি স্বার্থ সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে দখল করা খাল দুটি দখলমুক্ত করে আগের অবস্থায় উন্মুক্ত করার সুপারিশ করেছে উপজেলা ভূমি অফিস।
প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত প্রতিবেদনটি ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
একটি সংবাদ প্রকাশের পর ধারাবাহিকভাবে সামনে আসা এসব অভিযোগ ও তদন্তের তথ্য-উপাত্ত নতুন করে প্রশ্ন তুলেছে সরকারি সম্পত্তি রক্ষার দায়িত্ব এবং পরিবেশ সংরক্ষণ নিয়ে। এখন দেখার বিষয়, সরকারি খাল দখলের তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জেলা প্রশাসন কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং দখলমুক্ত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় কি না।
জনস্বার্থে সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।