Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 08-11-2026 ইং
দীর্ঘ ৩৩ ঘণ্টার অপেক্ষার অবসান, সুন্দরবনের দুবলার চরে মিলল নিখোঁজ পর্যটকের মরদেহ!
দীর্ঘ ৩৩ ঘণ্টার অপেক্ষার অবসান, সুন্দরবনের দুবলার চরে মিলল নিখোঁজ পর্যটকের মরদেহ!
প্রতিনিধি, অতনু চৌধুরী রাজু [ বাগেরহাট প্রতিনিধি ] ।।

সুন্দরবনের দুবলার চরে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার প্রায় ৩৩ ঘণ্টা পর পর্যটক মোঃ রিয়াজ আহমেদের (২৮) মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। 

শনিবার (রাত ৯টা ৪০ মিনিটের দিকে) দুবলার চরের আলোরকোল সি-বিচ সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে কয়েকজনের সঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন রিয়াজ আহমেদ। এ সময় সাগরের প্রবল ঢেউ ও তীব্র স্রোতের টানে তিনি পানিতে তলিয়ে যান। পরে তার সঙ্গে থাকা ব্যক্তিরা খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে স্থানীয়দের খবর দেন।

খবর পেয়ে স্থানীয় জেলেরা প্রথমে ট্রলার নিয়ে সাগরে তল্লাশি অভিযান শুরু করেন। পরবর্তীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও বন বিভাগের সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেন। নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে উদ্ধারে অভিযান অব্যাহত ছিল।

অবশেষে দীর্ঘ প্রায় ৩৩ ঘণ্টার অভিযান শেষে শনিবার রাতে আলোরকোল সি-বিচের পাশ থেকে রিয়াজ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোঃ রিয়াজ আহমেদ (২৮) ময়মনসিংহের ভালুকা পৌরসভার কাঠালী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

এ ঘটনায় সুন্দরবনের দুবলার চরে পর্যটকদের সমুদ্রে গোসলের সময় নিরাপত্তা ও সতর্কতা অবলম্বনের বিষয়টি আবারও সামনে এসেছে। বিশেষ করে প্রবল ঢেউ ও স্রোতপ্রবণ এলাকায় অসতর্কভাবে সমুদ্রে নামা প্রাণঘাতী হতে পারে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম