Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 09-11-2026 ইং
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি
কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি
প্রতিনিধি, ফয়সাল হোসেন [ কয়রা প্রতিনিধি ] ।।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দল।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মান্নান মিস্ত্রির নেতৃত্বে হাসপাতাল চত্বরে এ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রোগীদের কক্ষ, ওয়াশরুম ও সুপেয় পানির টিউবওয়েল চত্বর পরিষ্কার করেন সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন স্থানে জীবাণুনাশক ছিটানো হয়। ডেঙ্গু প্রতিরোধের লক্ষ্যে হাসপাতালের ড্রেনগুলোতেও জীবাণুনাশক প্রয়োগ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রেজাউল করিম। আরও উপস্থিত ছিলেন কয়রা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্যসচিব ডিএম হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, জামাল হোসেন, আশরাফুল আলম, মাছুম বিল্লাহ, ইয়াসিন, ফজলুল রহমান, লাভলু গাজী, ইদ্রিস আলীসহ আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুল মান্নান মিস্ত্রি বলেন, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের সুস্থতা কামনা এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, হাসপাতালের রোগীদের কক্ষ, ওয়াশরুম ও সুপেয় পানির টিউবওয়েল চত্বর পরিষ্কারের পাশাপাশি ড্রেনগুলোতেও জীবাণুনাশক ছিটানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম