Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 10-11-2026 ইং
রামপালে তিন দিনে এলপি গ্যাসের দাম বেড়েছে ৪০০ টাকা
রামপালে তিন দিনে এলপি গ্যাসের দাম বেড়েছে ৪০০ টাকা
প্রতিনিধি, রামপাল প্রতিনিধি ।।

 রামপালে মাত্র তিন দিনের ব্যবধানে ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারপ্রতি দাম প্রায় ৪০০ টাকা বেড়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েক দিন আগেও যে সিলিন্ডার ১ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে তা ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।

কোনো কোনো দোকানে এর চেয়েও বেশি দাম নেওয়ার অভিযোগ করেছেন ক্রেতারা। এতে বিপাকে পড়েছেন সাধারণ ভোক্তা ও গ্যাসনির্ভর ক্ষুদ্র ব্যবসায়ীরা।

ভোক্তাদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্য থাকলেও তা উপেক্ষা করে ইচ্ছামতো দামে এলপি গ্যাস বিক্রি করছেন কিছু খুচরা ব্যবসায়ী।

বাজারে কার্যকর নজরদারির অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে হঠাৎ এ মূল্যবৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।

রামপাল উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এলপি গ্যাসের দোকানগুলোতে ক্রেতাদের উপস্থিতি থাকলেও বাড়তি দাম নিয়ে অসন্তোষ রয়েছে।

দোকানভেদে একই সিলিন্ডারের দামে পার্থক্য দেখা যাচ্ছে। অনেক দোকানে আবার দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানো নেই।

রামপালের গৃহিণী শিউলি বেগম বলেন, “হঠাৎ করে গ্যাসের দাম এত বাড়ল কেন, কেউ কিছু বলতে পারে না।

দোকানদাররা বলেন, কোম্পানি দাম বাড়িয়েছে। কিন্তু সরকারি কোনো ঘোষণা তো শুনিনি। সংসার চালানোই এখন খুব কষ্ট হয়ে যাচ্ছে।

মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপরও। স্থানীয় চা দোকানি মোস্তাফিজুর রহমান বলেন, “আমাদের ব্যবসা গ্যাস ছাড়া চলে না।

তিন দিনে সিলিন্ডারপ্রতি ৩০০ থেকে ৪০০ টাকা দাম বাড়লে লাভ তো দূরের কথা, দোকান চালানোই কঠিন হয়ে যায়।”

হোটেল ব্যবসায়ী উজ্জল গাজী বলেন, “এভাবে হঠাৎ দাম বাড়তে আগে দেখিনি। অনেক দোকানে দামের কোনো রসিদ দেওয়া হয় না।

সরকারি মনিটরিংও চোখে পড়ে না। এতে সবচেয়ে বেশি আর্থিক চাপে পড়ছি আমরা ব্যবসায়ীরা।”

অন্যদিকে এলপি গ্যাস বিক্রেতাদের দাবি, তারাও অনেকটা নিরুপায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ডিলার জানান, পরিবহন ব্যয় ও সরবরাহ পর্যায়ের বিভিন্ন খরচের কথা বলে কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ানো হচ্ছে।

তবে এ বিষয়ে তাদের হাতে লিখিত কোনো নির্দেশনা দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তারা।

এ বিষয়ে রামপাল উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা বলেন, এলপি গ্যাসের দাম সরকার নির্ধারিত।

কেউ নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ভোক্তাদের প্রশ্ন, সরকার নির্ধারিত মূল্য কার্যকর থাকলেও বাজারে তার প্রতিফলন নেই কেন? নিয়মিত তদারকি না থাকায় একেক দোকানে একেক দামে গ্যাস বিক্রি হচ্ছে। ফলে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

সচেতন মহলের মতে, এলপি গ্যাসের বাজারে নিয়মিত নজরদারি জোরদার, প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যের বেশি দামে বিক্রির অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

একই সঙ্গে সরবরাহ পর্যায়ে মূল্যবৃদ্ধির প্রকৃত কারণ খতিয়ে দেখে বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম