নিজস্ব প্রতিবেদক: নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে অভিযুক্ত ফ্যাসিস্ট ট্রাস্টি তৌহিদুল ইসলাম আজাদ, পবিত্র কুমার সরকার ও সৈয়দ মোহাম্মদ ওবায়দুল্লাহ কে স্বাক্ষী গোপন করে চার্জশিট থেকে নাম বাদ দেওয়ার প্রতিবাদে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন ও তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর আশরাফুল আলমের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২ টায় নগরীর সোনাডাঙ্গা মোড়স্থ নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর কানাই লাল সরকার দোষীদের শাস্তি দাবী করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উক্ত ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।
তা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদের ডীন, রেজিস্ট্রার ড. শেখ শফিকুর রহমান, প্রক্কর, সহকারী প্রক্টরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, দপ্তর প্রধানগণ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এদিকে মানববন্ধনে অংশগ্রহণকারী নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থীবৃন্দ তাদের বক্তৃতায় খুব দ্রুত সময়ের মধ্যে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশাররফ হোসেন ও অত্র থানার সাব ইন্সপেক্টর আশরাফুল আলমের শাস্তি দাবি করেন।
তা না হলে খুললা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা ও দেন তারা।