Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 10-11-2026 ইং
বাঁশের বেড়া আর টিনের চালার ঘরে চলছে ১০০ শিশুর পাঠদান
বাঁশের বেড়া আর টিনের চালার ঘরে চলছে ১০০ শিশুর পাঠদান
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হরিনগর (হড্ডী) গ্রামের হরিনগর ইবতেদায়ি মাদ্রাসায় বাঁশের বেড়া ও টিনের চালার জরাজীর্ণ ঘরে পড়াশোনা করছে প্রায় ১০০ শিশু। ২০২০ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসায় ছয়জন শিক্ষক ছয় বছর ধরে বিনা বেতনে পাঠদান করে আসছেন।

মাদ্রাসাটিতে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত পড়ানো হয়। তবে পর্যাপ্ত বেঞ্চ, শ্রেণিকক্ষ ও শিক্ষা উপকরণের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। বৃষ্টিতে চালা দিয়ে পানি পড়ে, গরমে টিনের ঘরে পাঠদান করাও কঠিন হয়ে পড়ে।

স্থানীয় শিক্ষানুরাগী আলহাজ্ব রেজাউল করিম সানার উদ্যোগে প্রতিষ্ঠিত মাদ্রাসাটি এখনো সরকারি স্বীকৃতি ও অনুমোদন পায়নি। ফলে শিক্ষকরা কোনো সরকারি বেতন-ভাতা বা অনুদান পাচ্ছেন না।

মাদ্রাসার সুপার মো. ইমরান হোসাইন বলেন, দীর্ঘদিন বিনা পারিশ্রমিকে পাঠদান করা শিক্ষকদের জন্য কঠিন হয়ে পড়েছে। সরকারি স্বীকৃতি ও আর্থিক সহযোগিতা পেলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ উন্নত করা সম্ভব হবে।

প্রতিষ্ঠাতা আলহাজ্ব রেজাউল করিম সানা জানান, এলাকার দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ করে দিতে নিজ উদ্যোগে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন। তবে একার পক্ষে দীর্ঘদিন প্রতিষ্ঠানটি পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. মামুন সানাও মাদ্রাসাটির সরকারি স্বীকৃতি ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মাদ্রাসাটি পরিদর্শন করে সরকারি স্বীকৃতি, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা করবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম