Daily Khulnar Khobor
প্রিন্টের তারিখঃ ১২:০০:০০ এএম   |   প্রকাশের তারিখঃ 10-11-2026 ইং
ডুমুরিয়ায় গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে জখম, পাঠানো হলো খুলনা মেডিকেলে
ডুমুরিয়ায় গ্রাম্য চিকিৎসককে কুপিয়ে জখম, পাঠানো হলো খুলনা মেডিকেলে
প্রতিনিধি, নিজস্ব প্রতিবেদক ।।

খুলনার ডুমুরিয়ায় সাইফুল ইসলাম নামে এক গ্রাম্য চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।

আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ডুমুরিয়া উপজেলায় এ হামলার ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম বাগেরহাটের যাত্রাপুরের চাপাতলা এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা গেছে, দুপুর আনুমানিক ২টার দিকে সাইফুল বাড়ি থেকে ডুমুরিয়ার উদ্দেশ্যে বের হন। তবে কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন, তা পরিবারের সদস্যরা নিশ্চিত করতে পারেননি।

তাঁর ছোট ভাই জানান, হাসপাতাল থেকে ফোন পেয়ে তাঁরা ঘটনাটি জানতে পারেন।

সাইফুলের ফুফু জানান, গ্রাম্য চিকিৎসার পাশাপাশি তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। কিছুদিন আগে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁর কাছে চাঁদা দাবি করেছিল। তবে পূর্বের চাঁদা দাবির সঙ্গে বর্তমান হামলার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে কুপিয়ে আহত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এদিকে, হামলার কারণ ও জড়িতদের পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি নিয়ে তদন্ত ও আইনগত পদক্ষেপের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ Daily Khulnar Khobor
🏠 হোম