আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।। বাগেরহাটের মোল্লাহাটে ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সী খোকা নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ বলছে, অভিযোগটি তদন্তাধীন রয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর সকাল সাতটার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের চরকান্দি গ্রামের ওই মাদ্রাসাছাত্রী বাথরুমে যায়। এ সময় বাথরুমের পাশে শব্দ শুনে বের হলে অভিযুক্ত বৃদ্ধ খোকা’কে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে। শিশুটি তাঁকে সেখানে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চাইলে তিনি গাছের জাম্বুরা দেখতে এসেছেন বলে জানান।
অভিযোগে বলা হয়, একপর্যায়ে সুযোগ বুঝে বৃদ্ধ শিশুটিকে জাপটে ধরে কোলে তুলে ঘরের ভেতরে নিয়ে যান এবং ধর্ষণের উদ্দেশ্যে জোর করে তার পোশাক খুলতে চেষ্টা করেন। শিশুটির চিৎকার শুনে তার বাবা এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান।
পরিবারের অভিযোগ, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও তারা কোনো বিচার পাননি। তাদের আরও অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় এক ইউপি সদস্যের পক্ষ থেকে তৎপরতা চালানো হয়েছে।
এদিকে অভিযুক্তের স্ত্রী অভিযোগ অস্বীকার করে বলেন, অভিযোগকারী পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের জমিজমা-সংক্রান্ত বিরোধ রয়েছে। ওই বিরোধের জেরে তাদের সামাজিকভাবে হেয় করতে এ অভিযোগ করা হয়েছে। তাঁর দাবি, তার স্বামী (খোকা) একজন বৃদ্ধ ও প্রতিবন্ধী এবং প্রতিবন্ধী ভাতা পান।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা কাজী রমজানুল হক বলেন, অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভুক্তভোগী শিশুর পরিবারের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ঘটনার সত্যতা উদ্ঘাটন এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন তারা।
ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ার পর চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারাও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

