1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

খুলনায় শিক্ষার্থী হত্যায় মামলা ; খুবি'র ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯

রিপোর্টারের নামঃ Admin
  • আপডেট টাইমঃ 20-09-2026 ইং
  • 2081 বার পঠিত
ad728

নিজস্ব প্রতিনিধি | খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) সংলগ্ন ইসলামনগর এলাকার একটি মেসে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আজমুল হোসেনকে মারধরের পর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে এজাহারভুক্ত আসামি করার পাশাপাশি অজ্ঞাতনামা আরো ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান,গতকাল শনিবার রাতে আজমুলের বাবা কুতুবউদ্দিন নগরের হরিণটানা থানায় মামলাটি দায়ের করেন। দণ্ডবিধির ৩০২ (হত্যা) ও ৩৪ (পরস্পর যোগসাজশ) ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

নিহত আজমুল হোসেন নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার বড় শলুয়া গ্রামে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মসজিদ গলির ওই মেসে ভাড়া থাকতেন।

মামলার এজাহার সুত্রে জানা যায়,শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে আজমুল মেসে মিল না দিয়েও খাবার খেয়েছিলেন। এ নিয়ে মেসের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে তার বাগ্বিতণ্ডা ও বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে মেসের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে মারধর করেন এবং চারতলার ছাদে নিয়ে নির্যাতন চালান।

ঘটনাস্থলে নির্যাতন ও চড়-থাপ্পড়ের পাশাপাশি আজমুলের মাথার চুল একপাশ দিয়ে কেটে দেওয়ার আলামতও পাওয়া গেছে। এরপর তিনি ভবনের নিচে পড়ে মারাত্মক আহত হন। রাত দেড়টার দিকে কয়েকজন যুবক তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, আজমুলের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের চিহ্ন ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

হরিণটানা থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, মামলায় চারজন এজাহারনামীয় আসামির সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়া আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুরো ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

Facebook Video
Facebook Video