সুন্দরবনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এ-র শ্বাসরুদ্ধকর অভিযান, ১৪'টি আগ্নেয়াস্ত্র, ২৭৪'রাউন্ড গুলি, ৭'টি ওয়াকি-টকি সেট ও ৬'টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার।

সোমবার (১২ অক্টোবর)  স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ এ-র খুলনা সদর দপ্তরে আয়োজিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ বাহিনীটির উপ-অধিনায়ক মেজর মোঃ নাজমুল ইসলাম সাংবাদিকদের এ  সকল তথ্য জানান।

তিনি জানান, সুন্দরবনকে জলদস্যুমুক্ত ও নিরাপদ রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এসআরবি ফোর্সেস। সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালসহ প্রায় ২৫ লাখ মানুষের জীবন-জীবিকা রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে জলদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বনজীবী ও স্থানীয় বাসিন্দাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ৯ অক্টোবর সুন্দরবনে সক্রিয় আলিফ বাহিনীর দুটি দলের ১৫ সদস্য এসআরবি-৬ এর কাছে আত্মসমর্পণ করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুন্দরবনের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।

এ অভিযানে ১'টি বিদেশি শটগান, ৪'টি দোনলা বন্দুক ও ৯'টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। এ ছাড়া ২৭৪'রাউন্ড তাজা গুলি, ২৩'টি খালি কার্তুজ, ৭'টি ওয়াকি-টকি সেট ও ৬'টি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনে এখনো সক্রিয় যেসব জলদস্যু আত্মসমর্পণ করেনি, তাদের দস্যুতার পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।আত্মসমর্পণকারীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। অন্যদিকে, দস্যুতামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, বনজীবীদের জীবন-জীবিকা রক্ষা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে দস্যুবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।