নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের এড়েন্দা হোড়পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৫টায় প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে মন্দিরটির উদ্বোধন করেন কাশীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অলোক কুমার পাণ্ডে।
এ উপলক্ষে এড়েন্দা হোড়পাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক প্রমল কান্তি হোড়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহযোগী অধ্যাপক পরিতোষ কুমার হোড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিশিষ্ট সাংবাদিক ও অবসরপ্রাপ্ত অধ্যাপক মলয় নন্দী, জ্যেষ্ঠ সাংবাদিক রূপক মুখার্জি, লোহাগড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, কাশীপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ বসু, কাশীপুর ইউনিয়ন পরিষদের সদস্য বিপুল কুমার রায়, লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) ও কাশীপুর ইউনিয়নের বিট কর্মকর্তা হান্নান তালুকদার, বিশিষ্ট সমাজসেবক নৃপেন কুমার হোড়, রামকৃষ্ণ দত্ত ও মধুসূদন শীলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নবনির্মিত মন্দিরের উদ্বোধনকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।









