বাগেরহাটের মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি (বানৌজা)তে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৪৮ মিনিটে তিনি বানৌজা মোংলা জেটিতে পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, মধ্যাহ্নবিরতি শেষে বেলা ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।  এরপর বেলা সাড়ে ৩টায় প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তার। দিনের কর্মসূচি শেষে বিকেলেই ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে, আজ সকাল সাড়ে ১০টার দিকে খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। পরে নলিয়ান লঞ্চঘাট থেকে নৌপথে মোংলার উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টার দিকে হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্টসহ সুন্দরবনের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

সুন্দরবন পর্যবেক্ষণ থেকে মোংলা বন্দর ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন, প্রধানমন্ত্রীর এই সফরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রকৃতি, বন্দর ও অর্থনৈতিক সম্ভাবনা গুরুত্ব পাচ্ছে। সফরের কর্মসূচি শেষে আজই ঢাকায় ফেরার কথা রয়েছে তার।

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ও এলএনজি টার্মিনাল ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরে গতি পাবে উন্নয়ন কার্যক্রম, বাড়বে বিনিয়োগ, তৈরি হবে কর্মসংস্থান।

মোংলা বন্দরের বাণিজ্যিক সম্ভাবনা, অন্যদিকে সুন্দরবন-সংলগ্ন উপকূলীয় জনপদে বিকল্প কর্মসংস্থানের চ্যালেঞ্জ। দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা কাটিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মোংলা বন্দরের উন্নয়ন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরে বন্দরের জেটি, প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চল এবং এলএনজি টার্মিনাল স্থাপনের সম্ভাবনা গুরুত্ব পাবে। স্থানীয়দের প্রত্যাশা, সফরের মধ্য দিয়ে থমকে থাকা প্রকল্প বাস্তবায়নে গতি আসবে। বাড়বে দেশি-বিদেশি বিনিয়োগ, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান।