‎সাইবার হামলার আশঙ্কায় বাংলাদেশ ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট গত বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়। তিন দিন পর আজ রোববার(২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে ওয়েবসাইটটি খুলে দেওয়া হয়েছে।
‎
‎তবে গত তিন দিনে ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং লেনদেন স্বাভাবিক ছিল। ফলে গ্রাহকদের লেনদেনে কোনো সমস্যা হয়নি।
‎
‎এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের এক মুখপাত্র জানান, ওয়েবসাইটে কোনো ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা হয়। বিশ্বব্যাপী হামলার আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঝুঁকি কেটে যাওয়ায় ওয়েবসাইটটি আবার খুলে দেওয়া হয়েছে।
‎
‎আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়েবসাইট তৈরি ও পরিচালনায় ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তাত্রুটি ধরা পড়ার পর জরুরি ব্যবস্থা নিয়েছে বিভিন্ন দেশের সরকার। ত্রুটি ধরা পড়ার খবর সামনে আসার পর গত বুধবার রাত থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট বন্ধ করে দেয়। এরপরও লাখ লাখ হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে।