নানা আয়োজনের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়ায় শ্রী শ্রী লক্ষ্মীপূজা পালিত হয়েছে। শারদীয় দুর্গোৎসব শেষ হওয়ার পরবর্তী পূর্ণিমা তিথিতে লক্ষ্মীপূজা উদযাপিত হয়ে থাকে। হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে লক্ষ্মী ধন-সম্পদ তথা ঐশ্বর্যের দেবী হিসেবে পূজিত হন।
এ ছাড়া উন্নতি (আধ্যাত্মিক ও পার্থিব), আলো, জ্ঞান, সৌভাগ্য, দানশীলতা, সাহস এবং সৌন্দর্যের দেবীও তিনি। দেশের সনাতন হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে এ ধর্মীয় উৎসব উদযাপন করে থাকে।
লক্ষ্মী দেবী দ্বিভূজা ও তাঁর বাহন পেঁচা। তাঁর হাতে থাকে শস্যের ভাণ্ডার। তবে বাংলার বাইরে লক্ষ্মীর চতুর্ভূজা কমলে-কামিনী মূর্তিই বেশি দেখা যায়। লক্ষ্মীপূজা উপলক্ষে হিন্দু নারীরা উপবাস ব্রত পালন করেন।
এই পূজায় প্রয়োজন হয় ধানের শীষ, কাঁচা সুপারি, কলাপাতা, কলা গাছের খোল, আলপনাসহ নানা সামগ্রী। মঙ্গলঘট ও ধানের ছড়ার সঙ্গেই গৃহস্থের আঙিনায় আজ শোভা পাবে চালের গুঁড়ো, আলপনায় মা লক্ষ্মীর ছাপ। বাড়ির প্রবেশপথেও মা লক্ষ্মীর পা আঁকা হবে।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসবটি 'কোজাগরী লক্ষ্মীপূজা' নামেও পরিচিত। কোজাগরী অর্থ ‘কে জেগে আছো’।
এবিষয়ে অর্থী মুখার্জি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, বছরের সবচেয়ে উজ্জ্বল রাত কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে ধনসম্পদ, প্রাচুর্য, সৌন্দর্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী বিষ্ণুলোক থেকে পৃথিবীতে নেমে আসেন পূজা গ্রহণ করতে। দেবী সন্তুষ্ট থাকলে সংসারে অর্থকষ্ট থাকবে না ও সুখ-স্বাচ্ছন্দ্য বাড়বে। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দেবী ‘কে জেগে আছো’– প্রশ্ন করেন। তাই লক্ষ্মীপূজা ভক্তদের কাছে কোজাগরী পূজাও।
লক্ষ্মীপূজা উপলক্ষে লোহাগড়ার বিভিন্ন মন্দির ও মণ্ডপের পাশাপাশি হিন্দুদের ঘরে ঘরে পূজার আনুষ্ঠানিকতা শেষে অঞ্জলি, প্রসাদ বিতরণ ও অতিথি আপ্যায়ন করা হয়।









