যুক্তরাজ্যের বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব ক্যামব্রিজে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাগেরহাটের রামপাল উপজেলার তরুণ রবিউল ইসলাম রবি।

আন্তর্জাতিক আইন ও বিরোধ নিষ্পত্তিবিষয়ক এই সম্মেলনে তাঁর অংশগ্রহণে গর্বিত রামপালবাসী। রবিউল ইসলাম রবি রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

গত ২৩ অক্টোবর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ক্যামব্রিজের লটারপাখট সেন্টার ফর ইন্টারন্যাশনাল ল-এ অনুষ্ঠিত হয় ‘ফোর্থ লটারপাখট সেন্টার কনফারেন্স অন ইন্টারন্যাশনাল ডিসপিউট সেটেলমেন্ট’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, আইনজ্ঞ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, ভূরাজনৈতিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সম্মেলনে আলোচনা হয়।

রবিউল ইসলাম রবির এই অংশগ্রহণ তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে নিজেকে তুলে ধরার এই সুযোগ রামপালের তরুণদের জন্যও অনুপ্রেরণার বলে মনে করছেন তাঁর শুভানুধ্যায়ীরা। রবির পথচলা নানা প্রতিকূলতা ও রাজনৈতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ। রাজনৈতিক জীবনে একাধিক মামলার আসামি হওয়া এবং কারাবরণের অভিজ্ঞতার মধ্যেও তিনি নিজের ভবিষ্যৎ গড়ার প্রত্যয় ধরে রেখেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের লন্ডনে পাড়ি জমান তিনি। বিদেশে অবস্থান করলেও নিজের জন্মভূমি ও এলাকার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ অব্যাহত রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের সময় বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলামের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে লন্ডন থেকে দেশে ফেরেন তিনি।

আমাদের প্রতিনিধির সঙ্গে স্কাইপে আলাপকালে রবিউল ইসলাম রবি বলেন, দেশের জন্য, বিশেষ করে নিজের এলাকার মানুষের জন্য তিনি কিছু করতে চান। এ জন্য তিনি সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছেন। রবির এই অর্জনে তাঁর নিজ এলাকা ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের অনুভূতি তৈরি হয়েছে। তাঁদের প্রত্যাশা, আন্তর্জাতিক সম্মেলনে অর্জিত অভিজ্ঞতা ও জ্ঞান ভবিষ্যতে তাঁর শিক্ষা, কর্মজীবন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা রাখবে

রামপাল-মোংলার মানুষের প্রত্যাশা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রবিউল ইসলাম রবি ভবিষ্যতে দেশের উন্নয়ন এবং নিজ এলাকার মানুষের কল্যাণে অবদান রাখবেন। তাঁর এই অর্জন স্থানীয় তরুণদের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।