​যে সুন্দরবন আর কপোতাক্ষ নদের কোল ঘেঁষে প্রকৃতির এক অপরূপ লীলাভূমি গড়ে তোলার স্বপ্ন দেখানো হয়েছিল, সেই কয়রা উপজেলার গোবরা চর আজ স্থানীয় দুর্নীতি আর চরম অব্যবস্থাপনার এক নির্মম চিত্রে পরিণত হয়েছে।

বছরখানেক আগে মহা সমারোহে এবং রাজকীয় আয়োজনে তৎকালীন খুলনা জেলা প্রশাসক এসে যে 'গোবরা চর ক্যাম্পিং সাইট ও ট্যুরিস্ট স্পট'-এর উদ্বোধন করেছিলেন, তা আজ কেবলই অবহেলা আর ধুলোবালির চাদরে ঢাকা।

সুন্দরের এই স্বপ্নকে ধুলোয় মিশতে দেখে 'কয়রা খবর' হাত গুটিয়ে বসে থাকেনি; বরং জনস্বার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য দপ্তরে ইমেইল ও অনুসন্ধানী তথ্য পাঠানো হয়। কিন্তু সেই দাবির প্রেক্ষিতে সম্প্রতি যে দৃশ্যপট সামনে এসেছে, তা এক কথায় জনমনে চরম হাস্যরস ও ক্ষোভের জন্ম দিয়েছে।  

​কয়রা খবরের নিরলস প্রচেষ্টার পর ২০২৫-২৬ অর্থ বছরে গোবরা পর্যটন কেন্দ্রে জনসাধারণের বসার জন্য বেঞ্চ নির্মাণের নামে বরাদ্দ দেওয়া হয় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা। কিন্তু আড়াই লক্ষ টাকার এই প্রাক্কলিত বাজেট যখন বাস্তবে রূপ নিল, তখন দেখা গেল সেখানে দুর্নীতির এক রমরমা আয়োজন।

মাঠের পাশে সামান্য কিছু সিমেন্টের বেঞ্চ বসানো ছাড়া পুরো প্রকল্পের আর কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, বেঞ্চগুলো নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ অপরিকল্পিত ও বিপজ্জনকভাবে। মাঠে যেখানে প্রতিদিন ছোট ছোট কোমলমতি শিশুরা খেলাধুলা করে, ঠিক তার পাশেই এই বেঞ্চগুলো এমনভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে যা শিশুদের জন্য মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সামান্য একটু পরিকল্পনা বা সদিচ্ছা থাকলেই বেঞ্চগুলো এমন স্থানে করা যেত যাতে খেলাধুলার পরিবেশ বিঘ্নিত হতো না। কিন্তু দুর্নীতির দায়ে জর্জরিত এই প্রকল্পটিতে বাচ্চাদের জীবনের নিরাপত্তার কথা বিন্দুমাত্র ভাবা হয়নি।  

​এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সচেতন মহলের ক্ষোভ চরমে পৌঁছেছে। এলাকার বিশিষ্ট সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব মাওলানা আব্দুল জলিল মিস্ত্রি এ নিয়ে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে, পর্যটন কেন্দ্র গড়ার কথা বলে সাধারণ মানুষকে শুধু ধোঁকা দেওয়া হয়েছে। সামান্য কিছু টাকা খরচ করে বাকি পুরো বরাদ্দের টাকাটাই তছরুপ করা হয়েছে, যার পেছনে রয়েছে চরম দুর্নীতি। সরকারি এই কাজের কোনো তথ্য বা সংশ্লিষ্ট ঠিকাদারের সুনির্দিষ্ট পরিচয় জানতে উপজেলা পরিষদে যোগাযোগ করা হলেও সেখান থেকেও কোনো সদুত্তর বা তথ্য মেলেনি।

এমনকি তথ্য অধিকার আইনে আবেদন করেও এর সুনির্দিষ্ট হদিস পাওয়া যায়নি। সমস্ত প্রামাণ্য দলিল, বাজেট শিট এবং সরেজমিন ভিডিও ফুটেজে স্পষ্ট প্রতীয়মান হয় যে, জনস্বার্থকে পদদলিত করে কীভাবে সরকারি বরাদ্দের নামে লুটপাট চালানো হয়েছে। 

কয়রা খবর'-এর এই অনুসন্ধানী প্রতিবেদনে গোবরা চরের এই প্রহসনমূলক দুর্নীতির সুনির্দিষ্ট ও নিরপেক্ষ তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হচ্ছে।